সংবাদ প্রকাশের জেরে দৈনিক সমকালের নাজিরপুর প্রতিনিধি ফিরোজ মাহামুদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি রবিবার নাজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ফিরোজ মাহমুদ জানান, শনিবার রাত ৮টা ৩৯ মিনিটে তার মুঠোফোনে ০১৭১৩-০৪৩১৭৬ নম্বর থেকে কল করে হত্যার হুমকি দেওয়া হয়। এসময় হুমকিদাতা নিজেকে বাহার তালুকদারের ছেলে গোলাম মোরশেদ চন্দন বলে পরিচয় দেন।
সাংবাদিক ফিরোজ মাহমুদ জানান, গত বছরের ১০ ডিসেম্বর দৈনিক সমকালে ‘নাজিরপুরে মুক্তিযোদ্ধার জমি দখল করেছে প্রভাবশালীরা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এ খবর প্রকাশের পর স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের হস্তক্ষেপে ওই মুক্তিযোদ্ধার বেদখল হওয়া জমি উদ্ধার হয়।
তিনি বলেন, ওই জমি দখলকারীদের আত্মীয় পরিচয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। মুঠোফোনে হুমকি দেওয়ার কথোপকথন তার কাছে রেকর্ড করা আছে। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, সমকাল প্রতিনিধিকে হুমকি দেওয়ার ঘটনায় তিনি থানায় জিডি করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
/এসটি/