মুন্সীগঞ্জ সদরের রামপাল এলাকায় পাওনা টাকা চাওয়ায় আব্দুল করিম ঢালী ওরফে টুনু ঢালী (৭০) নামে এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (৬ অক্টোবর) বিকালে রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত টুনু ঢালী ওই এলাকার মৃত জয়নাল ঢালীর ছেলে এবং স্থানীয় ধলাগাঁও বাজারের মুদি ব্যবসায়ী বলে জানা গেছে।
এদিকে, ঘটনার পরপরই অভিযুক্ত সনেট হালদার, তার চাচা মোশারফ হালদার আত্মগোপন করেছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদরের রামপাল ইউনিয়নের ধলাগাঁও বাজারের মুদি দোকানদার করিম ঢালী ওরফে টুনু ঢালীর দোকান থেকে বাকিতে পণ্য কেনেন প্রতিবেশী মোশারফ হালদার। কিন্তু দীর্ঘদিন হলেও পাওনা টাকা পরিশোধ করেননি মোশারফ। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে পাওনা টাকার জন্য টুনু ঢালী মোশারফের বাড়িতে গিয়ে তাগাদা দেন। এতে ক্ষুব্ধ হয়ে মোশারফ ও তার ভাতিজা সনেট হালদারসহ ৪-৫ জন তাদের বাড়ির ভেতরেই ব্যবসায়ী টুনু ঢালীকে লাঠি দিয়ে পেটায় এবং কিল-ঘুষি মারে।
গুরুতর আহত অবস্থায় টুনু ঢালী খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজ বাড়িতে আসার পর মৃত্যু হয় বলে জানান তার স্বজনরা।
নিহতের ছেলে মাহমুদুল হাসান মীম বলেন, ‘প্রায় তিন মাস ধরে মোশাররফের কাছে দোকানের ১০ হাজার টাকা পাওনা। অনেকবার তার কাছে পাওনা টাকার জন্য গেলে তাকে আজ দিই কাল দিই বলে ঘোরাচ্ছে। আজ বাড়িতে পাওনা টাকা চাইতে গেলে আমার বাবাকে মোশাররফসহ ৪-৫ জন পিটিয়ে হত্যা করে। আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের সর্বোচ্চ বিচার চাই।’
সদর থানার ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।