গোপালগঞ্জে ৩৩ মামলার আসামি মুতকুরা রনি কারাগারে

গোপালগঞ্জে হত্যা, অস্ত্র, ডাকাতি ও মাদকসহ ৩৩ মামলার আসামি রনি সিকদার ওরফে মুতকুরা রনিকে (৩৮) গ্রেফতার করেছে গোপালগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে তাকে গোপালগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার রাতে গোপালগঞ্জ শহরতলির সরকারি বীণাপাণি স্কুল এলাকা থেকে রনিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রনি গোপালগঞ্জ শহরের মিয়াপাড়া এলাকার মাসুদ সিকদারের ছেলে।

এদিকে, রনি সিকদারকে ওরফে মুতকুরা রনির গ্রেফতারের খবরে স্বস্তি প্রকাশ করেছে এলাকাবাসী। তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েছে অনেকে হামলার শিকার হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী বলেন, ‘দীর্ঘদিন পরে হলেও মুতকুরা রনিকে অবশেষে গ্রেফতার হয়েছে এটাই আমাদের জন্য সুখবর। এতদিন সে বিভিন্ন নেতাদের ছত্রচ্ছায়ায় নানা ধরনের অপকর্ম করে বেড়ালেও ছিল ধরাছোঁয়ার বাইরে। তার কারণে এলাকার অনেক যুবক মাদক এবং সন্ত্রাসী জীবনে প্রবেশ করেছে। আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, ‘গ্রেফতার রনি সিকদার ওরফে মুতকুরা রনি সিকদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় সম্পৃক্ত। তার বিরুদ্ধে একটি করে হত্যা ও অস্ত্র আইনে মামলা ছাড়াও দুটি ডাকাতি, তিনটি চাঁদাবাজি, মারামারি মামলা ১০টি এবং মাদক মামলা রয়েছে ১৬টি। তাকে আজ বৃহস্পতিবার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।’