গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার শ্রমিক আহত হয়েছেন। তাদের কারখানার অভ্যন্তরে মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অন্য শ্রমিকরা। রবিবার (১ ডিসেম্বর) দুপুরে খাবার বিরতির পর এসব ঘটনা ঘটে।
ওই কারখানার প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম জানান, এ ঘটনার পর বিকালে আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শ্রমিকরা জানান, ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানা কর্তৃপক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনে ৬৪ জন শ্রমিককে চাকরিচ্যুত করে। শ্রম আইন অনুযায়ী তাদের পাওনা পরিশোধ করা হয়। শ্রমিকদের অভিযোগ কারখানা কর্তৃপক্ষ তাদের বিজিএমইএ’র ব্ল্যাকলিস্টে রাখার কারণে অন্য কোনও পোশাক কারখানায় চাকরি হচ্ছে না। বিজিএমইএ’র ব্ল্যাকলিস্ট থেকে তাদের নাম অপসারণের দাবিতে ছাঁটাই করা শ্রমিকরা মধ্যাহ্ন বিরতির সময় কারখানার প্রধান ফটকে এসে কর্মরত শ্রমিকদের কারখানার ভেতরে প্রবেশ করতে বাধা দেন। এ সময় কারখানার কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আতঙ্ক ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যে আশেপাশে দোকানপাট বন্ধ হয়ে যায়।
এদিকে, দুই শ্রমিক নিহতের গুজব ছড়িয়ে পড়লে বিকাল পৌনে ৪টার দিকে ছাঁটাই করা শ্রমিকরা কারখানার প্রধান ফটকে এসে আবার হামলা চালান। তখন কারখানার ভেতর থেকে কর্মকর্তারা পাল্টা ধাওয়া দিলে তারা চলে যান।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার (এসপি) সারোয়ার আলম আলম বলেন, ‘ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ পোশাক কারখানায় শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে শিল্পপুলিশ রয়েছে। সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে।’