রাজবাড়ীতে একই স্থানে বিএনপির দুই পক্ষের ডাকা জনসভা স্থগিত

রাজবাড়ীতে গোয়ালন্দ উপজেলায় একই স্থানে আহ্বান করা বিএনপির দুই পক্ষের জনসভা স্থগিত করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে দুই পক্ষ আসলাম এবং খৈয়ম সমর্থকদের পৃথক সভা ও সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থগিতের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, রবিবার রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শনে আসার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। এ জন্য গোয়ালন্দ শহরের প্রাণকেন্দ্র শহীদ বীর মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব ময়দানে দুই পক্ষের আহ্বান করা জনসভা স্থগিত করা হয়।

এর আগে ওই জনসভাকে সফল করতে উভয় পক্ষ গত কয়েকদিন ধরে নানা প্রস্তুতি গ্রহণ করে। পাশাপাশি একে অপরকে প্রতিহত করতে সভা-সমাবেশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রচারণা চালানো হয়।

সূত্রে আরও জানা গেছে, রাজবাড়ী-১ আসনে বিএনপির রাজনীতি মূলত দুই ধারায় বিভক্ত। একাংশের নেতৃত্বে রয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া। অপর অংশের নেতৃত্বে রয়েছেন দলের সাবেক এমপি, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। দুই নেতাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসন থেকে বিএনপির মনোনয়ন লাভের প্রত্যাশী। উভয় অংশের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে পৃথকভাবে দলীয় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।