বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলে ৮৫ জন আবাসিক শিক্ষার্থীকে লটারির মাধ্যমে কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী। বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
এ সময় উপাচার্য বলেন, ‘আবাসিক হলের শিক্ষার্থীদের পড়ালেখার সুন্দর পরিবেশ তৈরির জন্য বর্তমান প্রশাসন কাজ করছে। আবাসিক শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের মধ্যেই সেলুন, লন্ড্রিসহ বিভিন্ন সেবা খুব শিগগিরই চালু হয়ে যাবে। সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে শিক্ষার্থীদের সৃষ্টিশীল মানসিকতা ধরে রাখতে হবে।’ এজন্য শিক্ষার্থীদের নিয়মিত একাডেমিক পড়ালেখার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলামে অ্যাক্টিভিটিসে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।
হল প্রশাসন সূত্রে জানা গেছে, শহীদ মুখতার ইলাহী হলে ছাত্রদের আবাসিকতা প্রদানের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ফল, বাসস্থান থেকে ক্যাম্পাসের দূরত্ব, অর্থনৈতিক অবস্থা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো লটারির ভিত্তিতে ছাত্রদের আবাসিক হলের কক্ষ নির্ধারণ করা হয়। ওই হলে ছাত্রদের আবাসিকতা প্রদানের প্রক্রিয়া এভাবে চলমান থাকবে বলেও জানানো হয়েছে।
সিট বরাদ্দ অনুষ্ঠানে হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্ব করেন। সহকারী প্রভোস্ট ত্বহা হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন-অর রশিদ, প্রক্টর ড. ফেরদৌস রহমান, শহীদ মুখতার ইলাহী হলের সহকারী প্রভাস্ট ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।