সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

দিনাজপুরের বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর সীমান্ত এলাকায় নিজ জমিতে কাজ করার সময় ধরে নিয়ে যাওয়া কৃষক আল আমিনকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। একই সঙ্গে বাংলাদেশের নাগরিক কর্তৃক আটক হওয়া ভারতীয় কৃষককেও ছেড়ে দিয়েছে বিজিবি। 

শুক্রবার বিকাল ৪টায় এনায়েতপুর দ্বীপনগর গ্রামের সীমান্তের শূন্যরেখার মেইন পিলার ৩২৩-এর সাব-পিলার ১এস এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে আল আমিনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। আল আমিন দ্বীপনগর গ্রামের আইজ উদ্দিনের ছেলে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম ও ভারতের বিএসএফের অধিনায়ক বিপেন কুমার নেতৃত্ব দেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বিরল উপজেলার এনায়েতপুর দ্বীপনগর গ্রামের সীমান্তের শূন্যরেখার ৩২৩নং পিলারের পাশে আল আমিন নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ এসে তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। পরে পরিবারের লোকজন বিজিবি সদস্যদের কাছে গিয়ে বিষয়টি জানান। সে সময় প্রতিবাদে ভারতীয় কৃষক নারায়ণ চন্দ্র রায়কে (৪৫) ধরে এনে বিজিবি সদস্যদের হাতে তুলে দেন বাংলাদেশি কয়েকজন নাগরিক। তিনি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা।

দিনাজপুর-৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে কয়েকজন বাংলাদেশি ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় সীমান্তের কাছাকাছি অবস্থান করা কিছু বাংলাদেশি তাদের সহায়তা করেছিল। সীমান্তের খুব কাছে ছিলেন আল আমিন। বিএসএফ তাকে সন্দেহ করে ধরে নিয়ে যায়। পরে খোঁজ নিয়ে জানা গেছে, তিনি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ। পরে পতাকা বৈঠকের পর তাকে বিএসএফের কাছ থেকে ফেরত নেওয়া হয়েছে।