মালয়েশিয়ায় পাচারের সময় টেকনাফের পাহাড় থেকে ১৭ জনকে উদ্ধার

মালয়েশিয়ায় পাচারের সময় কক্সবাজারের টেকনাফের পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী অভিযান চালিয়ে দালালের আস্তানা থেকে ১৭ জন নারী পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে। এ সময় এক দালালকে আটক করা হয়।

শনিবার (২৫ জানুয়ারি) বিকাল ৩টায় টেকনাফ বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী টেকনাফ কন্টিনজেন্টের লেফটেন্যান্ট কমান্ডার আফজাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘টেকনাফের পাহাড়ি এলাকায় মানব পাচারকারীদের আস্তানায় একদল রোহিঙ্গা এবং বাংলাদেশিকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি করার সংবাদ পাওয়া যায়। টেকনাফ নৌবাহিনীর কন্টিজেন একটি দল ওই পাহাড়ে অভিযান চালিয়ে ১৭ জন নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করে। তার মধ্যে আলী আব্দুল্লাহ নামে এক দালালকে আটক করা হয়।’

তিনি আরও জানান, উদ্ধার ভিকটিমদের মধ্যে তিন জন বাংলাদেশি নাগরিক, ১৪ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু রয়েছে। উদ্ধারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে নৌবাহিনী ১৭ জন মালয়েশিয়াগামী ও একজন দালালকে থানায় সোপর্দ করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’