সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরূদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সমন্বিত জেলা কার্যালয় রাঙামাটির উপপরিচালক মো. জাহিদ কালাম।
কুজেন্দ্র লাল ত্রিপুরা (৬২) আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং সাবেক এমপি ২৯৮ খাগড়াছড়ি পার্বত্য অঞ্চল। তিনি খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার পূর্ব থানাপাড়া এলাকার মৃত হরি কুমার ত্রিপুরা ও উমাদিনী ত্রিপুরার ছেলে।
জাহিদ কালাম জানান, ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে অসৎ উদ্দেশ্যে খাগড়াছড়ি সদর উপজেলাধীন আলুটিলা পর্যটনকেন্দ্রের পাশে ২৬২নং গোলাবাড়ী মৌজায় ৪৮৫৭ (আং) খাস দাগে চার একর খাস খতিয়ানভুক্ত রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে দখল করে খাস্রাং রিসোর্ট নির্মাণ করে এক কোটি দুই লাখ ছয় হাজার টাকা মূল্যের সরকারি সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগে মামলা করেন দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ। দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৯, ৪২০সহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এই মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সাবেক মন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা ক্ষমতার অপব্যবহার করে ২০২০-২৪ সালের মধ্যে খাস্রাং হিল রিসোর্ট নির্মাণ করেন। ওই রিসোর্টের জমি জেলা প্রশাসকের কার্যালয় থেকে তার নামে ইজারা দেওয়া হয়নি। তিনি পার্বত্য খাগড়াছড়ি জেলার সংসদ সদস্য তথা পাবলিক সার্ভেন্ট হয়ে নিজের ওপর অর্পিত ক্ষমতার ও পদপদবির অপব্যবহারের মাধ্যমে ৪ একর সরকারি খাসজমি দখল করেন। বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে খাস জমিতে অনেক স্থাপনাসহ একটি পূর্ণাঙ্গ রিসোর্ট (খাস্রাং রিসোর্ট) নির্মাণ করেন। তিনি তখন পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্বরত ছিলেন।