গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আওয়ামী লীগের লিফলেট বিতরণে বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে। সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা পুলিশ বাদী হয়ে এ মামলা করে।

টুঙ্গিপাড়া থানায় এ মামলায় একজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলায় ১৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৩০০ জনকে।’

মামলার এজাহারে বলা হয়েছে, রবিবার সন্ধ্যার পর আওয়ামী লীগের কর্মী এবং টুঙ্গিপাড়া গ্রামের সাফায়েত গাজী নামে এক ব্যক্তি দলের লিফলেট বিতরণ করছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে সাফায়েতকে আটক করে। এ সময় বিক্ষুব্ধ কর্মীরা সাফায়েতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং পুলিশের উদ্দেশে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে আওয়ামী লীগের কর্মীরা পুলিশ সদস্যদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করেন। পরে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পাঁচ পুলিশের সদস্যসহ আট জন আহত হন।

এ ঘটনায় করা মামলায় পরে সাফায়েত গাজীকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান ওসি। তিনি বলেন, ‘অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আসামিদের গ্রেফতার করার জন্য ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। দোষী কাউকে ছাড় দেওয়া হবে না।’