ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশী বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনব্যাপী উরস শরিফ শুরু হয়েছে। এ উপলক্ষে কয়েক কিলোমিটার এলাকাব্যাপী তাঁবু স্থাপন করা হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক ও নৌপথে বিভিন্ন যানবাহনে চেপে লাখো ভক্ত সেখানে সমবেত হচ্ছেন।
এদিকে, উরস উপলক্ষে শুক্রবার লক্ষাধিক মানুষের অংশগ্রহণে বিশ্ব জাকের মঞ্জিলে জুমার নামাজ আদায় করা হয়।
এ উরস উপলক্ষে দরবার শরিফের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বিশ্ব জাকের মঞ্জিলের সমন্বয়কারী শহিদুল ইসলাম শাহিন জানান, শনিবার ফজর নামাজের পর ফাতেহা শরিফ পাঠ এবং তরিকতের আমল পালনের মধ্য দিয়ে উরসের আনুষ্ঠানিকতা শুরু হবে।
প্রতিদিন ফরজ আমলের পাশাপাশি পবিত্র কুরআন তিলাওয়াত, জিকির আজকার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ-নসিহত, ওয়াজ মাহফিল এবং সুন্নাত এবাদতের পাশাপাশি নফল এবাদত চলবে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র উরস সফলভাবে আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশ-বিদেশের বিপুলসংখ্যক ভক্ত-মুরিদান এবারের ওরসে অংশ নেবেন।
বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী বিভাগের ফরিদপুরের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘প্রতি বছরের মতো এ বছরও অসংখ্য আশেকান-জাকেরান, ধর্মপ্রাণ ব্যক্তিরা বিশ্ব দরবার শরিফে উপস্থিত হচ্ছেন। উরসে আসা সবার জন্য তবারকের ব্যবস্থা, রাত্রিযাপনের ব্যবস্থা এবং বিভিন্ন যানবাহন পার্কিংয়ের জায়গার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।’
তিনি আরও বলেন, ‘বিশ্ব অলি হজরত মাওলানা শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের স্থলাভিষিক্ত পীরজাদা মাহফুজুল হক মুজাদ্দেদী উরস চলাকালে চার দিনই আশেকান-জাকেরানদের সঙ্গে সাক্ষাৎ প্রদান করবেন। মঙ্গলবার ফজর নামাজের পর শাহসুফি ফরিদপুরী (কু. ছে. আ.)-এর রওজা জিয়ারত করা হবে। এরপর বিশ্বশান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে চার দিনের এই উরস শরিফ।’