ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ বাজারের মাংসবিক্রেতা মো. রহিম মিয়া। গরু জবাই করে নিয়মিত মাংস বিক্রি করেন তিনি। অভিযোগ রয়েছে, কখনও সুস্থ গরু, আবার কখনও অসুস্থ গরু জবাই করে বিক্রি করেন তিনি। কিন্তু এবার মাংস বিক্রির সময় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। জলাতঙ্ক রোগে আক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রি চেষ্টার অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) বিকালে ময়মনসিংহ শহরতলীর শম্ভুগঞ্জ বাজারে অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ময়মনসিংহের সহকারী পরিচালক আব্দুস সালাম। এ সময় সঙ্গে ছিলেন সদর উপজেলার ভেটেরিনারি সার্জন ডা. মো. সোলাইমান, জেলা বাজার কর্মকর্তা ঝিল্লুল বারী ভূঞাসহ থানা পুলিশের সদস্যরা।
আব্দুস সালাম বলেন, ‘জলাতঙ্ক রোগে আক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করছিলেন রহিম মিয়া। পরে অভিযান চালিয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করে তাকে সতর্ক করা হয়েছে। এ সময় ১০০ কেজি মাংস মাটিতে পুঁতে পুড়িয়ে দেওয়া হয়েছে। পরে জেলার তারাকান্দা বাজারে পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাজারগুলোতে আমাদের অভিযান চলমান থাকবে। যেকোনও খাদ্যপণ্যে ইচ্ছামতো দাম বাড়িয়ে বিক্রির প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’