দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেলো তরুণের

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে রায়াতুল ইসলাম রবি (২১) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে দুজন আহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) রাতে স্থানীয় মিজমিজি ক্যানেলপাড়স্থ ১০ পাইপ এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত রায়াতুল ইসলাম রবি সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের পাগলাবাড়ি এলাকার মো. ফারুকের ছেলে।

আহতরা হলেন–  নিহতের বন্ধু হাবিব ও বিজয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রায়াতুল ইসলাম রবি ও তার বন্ধুরা মোটরসাইকেলে করে সাইনবোর্ড থেকে জালকুড়ি এলাকার দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান, আরও কয়েকজন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মিলন মিয়া নামের এক দোকানি দাবি করেন, ‘এ ঘটনায় নিহত রবি খুব দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। এ ছাড়া শিশুসহ এক দম্পতি এ ঘটনায় আহত হয়েছে।’ তবে তাদের উদ্ধার করে কোন হাসপাতালে নেওয়া হয়েছে সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু বলতে পারেনি।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়া দুটি মোটরসাইকেল আমাদের হেফাজতে রয়েছে। এ ছাড়া আরও একটি মোটরসাইকেলসহ দম্পত্তির খোঁজ এখনও পাইনি।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ‘বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এতে একজন নিহত হন। এবং দুজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’