চট্টগ্রামে এক যুগ আগে ছিনতাইকারী দলের ছুরিকাঘাতে আবদুল কাইয়ুম (২২) নামে এক পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রামের বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।
দণ্ডিত আসামিরা হলেন– মো. জাবেদ, নুরুল আলম, সুমন মোল্লা, হারুন অর রশিদ, তপন চন্দ্র সরকার, মিন্টু দাস, আরছাল ওরফে রাসেল, ফারুক ওরফে বুলেট ফারুক, মো. সোহেল ও মো. বাবুল।
আদালতের পেশকার মোহাম্মদ সাহেদ রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রায় ঘোষণার সময় দণ্ডিত আসামিদের মধ্যে ৫ জন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক আছেন।
‘রায়ে ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার আড়াই লাখ টাকা ভিকটিমের পরিবারকে দিতে আদেশ দিয়েছেন আদালত।’
আদালত সূত্র জানিয়েছে, ২০১৩ সালের ৩ নভেম্বর খুলশী থানাধীন টাইগারপাস আমবাগান এলাকার ডিআইজি বাংলোর সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কনস্টেবল আবদুল কাইয়ুম (২২) নিহত হন। এ সময় আরও তিন পুলিশ সদস্য আহত হন।
আবদুল কাইয়ুম চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা ছিলেন। ২০১২ সালের ৬ অক্টোবর তিনি কনস্টেবল হিসেবে চাকরিতে যোগদান করেন।
এ ঘটনায় পুলিশ ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও আট জনকে আসামি করে মামলা দায়ের করে। এই হত্যা মামলায় মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।