মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে চাপা দিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে দশ জন। রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কে সদর উপজেলার মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাদারীপুরের মোস্তফাপুরের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে একজন মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা পান্নু মুন্সী। তিনি দুর্ঘটনাকবলিত সার্বিক পরিবহনের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া নিহত তিন জন ইজিবাইকের যাত্রী। বাকি দুই জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হাইওয়ে থানার ওসি জানান, মাদারীপুর থেকে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। মাঝপথে সদর উপজেলার ঘটকচর এলাকায় পৌঁছালে একটি ইজিবাইককে চাপা দিলে বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ইজিবাইকের তিন যাত্রী এবং পরে আরও তিন জনসহ মোট ছয় জনের মৃত্যু হয়। আহত হয়েছেন কমপক্ষে দশ জন। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।
মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। দুর্ঘটনার পর সাময়িকভাবে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলেও ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় পরে যান চলাচল স্বাভাবিক হয়।