ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রোগীবাহী অ্যাম্বুলেন্সে আগুন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরে গেছে। এ সময় রোগীসহ সাত জন দ্রুত অ্যাম্বুলেন্স থেকে নামতে পেরে প্রাণে বেঁচে গেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সোমবার দুপুর ২টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান কুচিয়ামোড়া এলাকার ধলেশ্বরী সেতুর ওপর এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, অ্যাম্বুলেন্সটি রোগী ও রোগীর স্বজনসহ সাত জনকে নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঝিনাইদহে যাচ্ছিল। পথে কুচিয়ামোড়া এলাকার ধলেশ্বরী সেতুর ওপর পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে ধোঁয়া ছড়াতে থাকে। এ সময় রোগীসহ যাত্রীরা দ্রুত অ্যাম্বুলেন্স থেকে নেমে আসেন। এতে সাত জন প্রাণে বেঁচে যান। যাত্রীরা নেমে যাওয়ার সঙ্গেই সঙ্গেই অ্যাম্বুলেন্সে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিদর্শক আরিফ আনোয়ার জানান, সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িটির ইঞ্জিনের ওভার হিটের কারণে আগুন লাগে তবে সিলিন্ডার বার্স্ট হয়নি।

আগুনে অ্যাম্বুলেন্সটি ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীরা অক্ষত রয়েছেন বলে জানান তিনি।