চট্টগ্রামের ভূজপুরে চা বাগান থেকে ৯ বন্দুক উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা পুলিশের আভিযানে দেশে তৈরি নয়টি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাত ২টার দিকে উপজেলার বারোমাসিয়া চা বাগানের জঙ্গলে দুটি বস্তার ভেতর থেকে এসব বন্দুক উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ এবং ভুজপুর থানার ওসি বিপুল চন্দ্র দের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বারোমাসিয়া চা বাগান এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অজ্ঞাত দুষ্কৃতকারীদের রেখে যাওয়া দুটি বস্তা থেকে নয়টি দেশে তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

‘প্রাথমিক তদন্তে জানা যায়, অজ্ঞাত দুষ্কৃতকারীরা আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্রগুলো গোপনে মজুত করে রেখেছিল।’

তিনি জানান, এ ঘটনায় অজ্ঞাত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।