নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, কোনও অবস্থাতে ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবে না। কেউ যদি যথাযথ প্রক্রিয়া অনুশীলন না করে ভোট দেয় তাহলে তার ভোট বাতিল হয়ে যাবে।
তিনি বলেন, একই সময় সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালট গণনা কর হবে। তবে পোস্টাল ব্যালট গণনায় সময় লাগবে। ১১৯টি প্রতীক রয়েছে প্রতিটি ব্যালটে, তাই প্রবাসীদের এই ব্যালটের প্রতীকগুলো এজেন্টদের দেখিয়ে নিশ্চিত করতে হবে তিনি কোথায় ভোট দিয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নোয়াখালীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এবারে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ কাজ করছে মানুষের মাঝে। এটাকে আমাদের সুন্দরভাবে উৎসব মুখর পরিবেশে তাদের প্রত্যাশা পূরণ করা। যেন সবাই শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারে। অনেক সময় দেখা দুষ্ট চক্র প্রতিপক্ষের ভোটারকে আসতে বাধা প্রধান করে। সবাই নিজের পরিবারের ভোটারদের সঙ্গে করে নিয়ে আসুক। এটাতে কোনও বাধা নেই। তবে কেউ যেন কাউকে বাধা দিতে না পারে এটা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, পোস্টাল ব্যালট প্রবাস ও দেশ থেকে দুই ভাগে হবে। প্রবাস থেকে যে ভোটগুলো আসবে ডাক বিভাগ রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি পাঠানো হবে। আর দেশের যে পোস্টাল ব্যালটগুলো আসে সেগুলো স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে আসবে।
জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামে সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা, নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড, আনসারসহ বিভিন্ন দফতরের প্রধান উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নির্বাচনে আইনশৃঙ্খলা, ভোটের পরিবেশ, গণভোটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।