ময়মনসিংহে তারেক রহমানের আগমনে ভোটযুদ্ধে এগিয়ে যাবে বিএনপি: মাজেদ বাবু

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেছেন, ময়মনসিংহে তারেক রহমান আসায় ভোটযুদ্ধে আমরা আরেক ধাপ এগিয়ে গেলাম। তিনি যে আমাদের কাছাকাছি এসেছেন, মানুষের কাছাকাছি এসেছেন, এজন্য আমরা সবাই উজ্জীবিত। 

মাজেদ বাবু বলেন, তিনি একজন নির্যাতিত মানুষের প্রতিচ্ছবি হিসেবে এসেছেন। তার যে মৌলিক অধিকার হরণ করা হয়েছে, একটি মানুষ দীর্ঘ ১৭ দেশে আসতে পারেননি। নিজের ভাইকে দেখতে পারেননি। মায়ের সঙ্গে সময় কাটাতে পারেননি। অসুস্থ মাকে দেখতে আসতে পারেননি। এই জায়গাগুলো অসম্ভব আবেগের। মানুষের হৃদয়ে এই জিনিসগুলো টাচ করেছে।

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে দলের নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগে স্থানীয় নেতা ও দলের প্রার্থীরা বক্তব্য দেন। বিকালে জনসভায় বক্তব্যে ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

বিএনপির এই প্রার্থী বলেন, তারেক রহমানই আমাদের নেতাকর্মীদের প্রাণপুরুষ। নির্বাসন জীবন কাটিয়ে দেশে আসার পর তার রাজনৈতিক দর্শন জাতিসত্তা হিসেবে মানুষ ও পুরো বাংলাদেশ জেনেছে। এদেশের মানুষ বিশ্বাস করে যে আগামীতে তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ এবং আমাদের নেতাকর্মীরাও মনে করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শিক ভিত্তিটা এখন ধরে রাখবেন আমাদের নেতা। গত ১৭ বছর তাকে কাছে না পাওয়ায় নেতাদের যে আবেগ, সেই আবেগ আসলে অসম্ভব। সাধারণ মানুষের আবেগ অসম্ভব। এই আবেগটাই নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে নেবে। আশা করছি, নির্বাচনে তারেক রহমানকে একটা অসম্ভব ভালো ফলাফল উপহার দেবে দেশবাসী।