সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়ে ট্রাক পুকুরে, নিহত ২

চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশায় নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষার্থীসহ দুই জন নিহত হয়েছেন। গুরুতর আহত তিন জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি শিক্ষার্থী ও সিএনজিকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে গেছে৷

বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে৷

দুর্ঘটনার পর সড়কের চট্টগ্রামমুখী লেনে সৃষ্টি হয় তীব্র যানজট৷ উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ারসার্ভিস ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ৷ সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে।

নিহতদের একজনের নাম খাদিজা মাশমুম। সে স্থানীয় বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী৷ অন্যজনের এখনও পরিচয় জানা যায়নি৷

প্রত্যক্ষদশী ইমাম উদ্দিন মঞ্জু বলেন, ‘আমি রাস্তা পার হয়ে মাত্র দাঁড়িয়েছি, সে সময় দ্রুতগতির একটি ট্রাক এসে সিএনজি ও পাশে থাকা পথচারীদের চাপা দেয়। চোখের সামনে ভয়াবহ দুর্ঘটনা দেখে নিজেই হতভম্ব হয়ে গেছি। এখনও আমার বুক কাঁপছে।’

চট্টগ্রাম জেলা পুলিশ সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) নাদিম হায়দার বলেন, ‘চট্টগ্রাম যাওয়ার পথে বড়তাকিয়া এলাকায় জটলা দেখে নেমেছি৷ দুর্ঘটনার বিষয়টি দেখে আমি ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দিই৷ দুজন নিহত হওয়ার খবর পেয়েছি৷ হাসপাতালে তিন জনকে নিয়ে গেছে আশঙ্কাজনক অবস্থায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ৷’