উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় কোস্টগার্ডের নির্বাচনি দায়িত্ব পালন শুরু

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ঢাকা জোনের আওতাধীন উপকূলীয় অঞ্চলে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে কোস্টগার্ড। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে ঈদগাঁ বাজার কোস্টগার্ডের অস্থায়ী ক্যাম্পে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ড ঢাকা জোনের জোনাল কমান্ডার ইমতিয়াজ হোসেন বলেন, ‘১৮ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২৮ দিন উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাংলাদেশ কোস্ট গার্ড ভ্রাম্যমাণ দল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। তারই ধারাবাহিকতায় কোস্টগার্ড সদস্যরা ঢাকা জোনের আওতাধীন নারায়ণগঞ্জের ১৭ এবং চাঁদপুর জেলার মতলব উত্তর, সদর ও হাইমচর উপজেলায় ২২টিসহ ৩৯টি ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালন করবে। কোস্টগার্ড ভোটকেন্দ্রে বিশেষ নজরদারি, নিয়মিত টহলের মাধ্যমে একটি উৎসবমুখর ভোটের পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং রাখবে।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার একটি জবাবদিহিমূলক এবং জনকল্যাণমুখী সরকার গঠনের মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তুলতে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন করেছে। গণভোটের বিষয়টি আমরা দায়িত্বপূর্ণ এলাকার সবার কাছে তুলে ধরছি। এর মাধ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশের নাগরিকদের হ্যাঁ ভোট প্রদানের উদ্বুদ্ধ করতে প্রচারণা চলমান রেখেছি।’

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার শওকত আহমেদ, প্লাটুন কমান্ডার (ইব্রাহিমপুর স্টেশন) লেফটেন্যান্ট কমান্ডার রাফায়েল মনোয়ার উৎসবসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

ঈদগাঁ বাজার এলাকায় জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে জনসচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে মাইকিং ও লিফলেট বিতরণ করেন কোস্টগার্ড সদস্যরা।