আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ১৮টি জেলায় ১০৮টি উপজেলার ৬২টি সংসদীয় আসনে প্রায় ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিকালে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।
বিজিবি অধিনায়ক বলেন, ‘নির্বাচন চলাকালে যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম এবং বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত রয়েছে, যারা মুহূর্তের মধ্যেই যেকোনও ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম।’
তিনি আরও বলেন, ‘যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া সেক্টরের অধীনস্থ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার নির্বাচনি এলাকায় গত ২৯ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করছে। এ দুই জেলায় মোট ১১টি উপজেলা রয়েছে, যেখানে ৬টি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনি এলাকার ১০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপনসহ মোট ১৫.৫ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।’
বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নে জানায়, শুধু দৌলতপুর উপজেলায় ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন কুষ্টিয়া এবং রাজবাড়ী জেলায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর। বিশেষ করে, দৌলতপুর উপজেলায় সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ভোটের পরিবেশ সৃষ্টি করার জন্য তালিকাভুক্ত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, নির্বাচনি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে বিজিবির বিশেষায়িত ক-৯ ডগ স্কোয়াড, ড্রোন, বডিওর্ন ক্যামেরা এবং এপিসি গাড়ি ব্যবহার করে বিশেষ টহল জোরদার করা হয়েছে, যাতে যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত শনাক্ত ও নিয়ন্ত্রণ করা যায়।