ফেনী-৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ফখরুদ্দিন মানিককে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
নির্বাচনি পোস্টার, লিফলেট, ব্যানার ও ফেস্টুনে নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করার অভিযোগে ফেনী-৩ আসনের অনুসন্ধানকারী ও বিচারিক কর্মকর্তা সাজ্জাতুন নেছা শনিবার এ নোটিশ দেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ফখরুদ্দিন মানিকের দাখিল করা হলফনামায় ‘ডাক্তার’ পদবির কোনও উল্লেখ নেই। এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া ‘ডাক্তার’ পদবি ব্যবহার করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বলেও নোটিশে বলা হয়েছে।
নোটিশে মানিককে রবিবার সকাল ১১টা ৩০ মিনিটে ফেনী ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ পাঠানো হতে পারে বলে জানানো হয়।