যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে বেনাপোল বন্দরের ৩৭ শেডে ভারতীয় একটি ট্রাকের পণ্য চালান পরীক্ষণকালে বেকিং পাউডারের চালানে বিপুল পরিমাণ গার্মেন্টস সামগ্রী ও কসমেটিক্স পণ্য পাওয়া যায়। এই শেডের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ছিলেন আরিফুল ইসলাম ও নুর আহমেদ।
জানা যায়, আমদানিকারক প্রতিষ্ঠান সাফা ইমপেক্স ভারতের একটি ট্রাকে বেকিং পাউডার ঘোষণা দিয়ে ১২ মার্চ সন্ধ্যা ৭টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি করে। চালানটির সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল বেনাপোলের হুদা ইন্টারন্যাশনাল।
কাস্টমস কর্তৃপক্ষ চালানটি পরীক্ষা করে ১০৮টি প্যাকেজে ঘোষণা বহির্ভূত বিভিন্ন পণ্য উদ্ধার করে। এর মধ্যে রয়েছে ৬ হাজার ৫৩০টি শাড়ি, ৫৮৮টি থ্রি-পিস, ৩০০টি টু-পিস, ৫২০টি ওড়না, ২৬০ কেজি বেবি ওয়্যার, ৫০৯ কেজি ফেস ওয়াশ, ৬৫ কেজি বডি লোশন, ৬০ কেজি জর্দা তৈরির কেমিক্যাল ও বিভিন্ন প্রকার প্রসাধনী ২২৩ কেজি। কাগজপত্রে ১৩০ বস্তা বেকিং পাউডার উল্লেখ থাকলেও সেখানে পাওয়া গেছে ১০৮ বস্তা। অনেকে ধারণা করছেন, বাকি ২২ বস্তাতেও দামি কোনও পণ্য ছিল যা গোপনে সরিয়ে ফেলা হয়েছে।
বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, বেকিং পাউডার ঘোষণা দিয়ে উন্নতমানের শাড়ি-থ্রি-পিস ও কসমেটিক্স সামগ্রী আনা হয়েছে। শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে এসব পণ্য আমদানি করা হয়েছিল। এ ঘটনায় আমদানিকারক সাফা ইমপেক্স ও সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ মেসার্স হুদা ইন্টারন্যাশনালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং জরিমানা আদায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।