সৌদি আরবের সঙ্গে মিল রেখে নওগাঁয় ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলা উপজেলায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিদের একটি অংশ প্রতি বছরের মতো এবারও একদিন আগে এই উৎসব পালন করছেন।
শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় উপজেলার নজিপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কলোনিপাড়ায় এ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. কামারুজ্জামান। নামাজে কয়েকটি এলাকার নারী-পুরুষসহ আনুমানিক ১০০ জন মুসল্লি অংশ নেন। ঈদের নামাজ আদায়ের পর কোলাকুলি ও কুশল বিনিময় করেন তারা।
জামাতে অংশ নেওয়া মুসল্লিরা নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এ বছরও ওই এলাকার মুসল্লিদের একটি অংশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেছেন। তবে জেলার অধিকাংশ এলাকায় চাঁদ দেখার ভিত্তিতে আগামীকাল ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি চলছে।
জামায়াতে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান বলেন, ‘২০০৫ সাল থেকে আনুষ্ঠানিকভাবে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবারও জেলার মহাদেবপুর, ধামইরহাট, পোরশা থেকে মুসল্লিরা এসে নামাজ আদায় করেন। এ ছাড়াও পার্শ্ববর্তী জয়পুরহাট ও বগুড়া থেকেও মুসল্লিরা আসেন।’
ঈদের নামাজের ইমাম কামরুজ্জামান বলেন, ‘আজকে বাংলাদেশে শাওয়াল মাসের ১ তারিখ অথচ বাংলাদেশের মানুষ মনে করেন, এখনও রমজান মাস আছে। সিয়াম রাখতে হবে রমজান মাসে। শাওয়াল মাসে তো ফরজ নয়, ঈদের দিনে সিয়াম রাখা হারাম। আমরা ঈদের দিনে সিয়াম রাখি না। ১ তারিখে ঈদ করার কথা হাদিসে রয়েছে, তাই আমরা ঈদের সালাত আদায় করেছি।’