লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় আব্দুর রহিম (৫৪) নামে এক পথচারী গুলিবিদ্ধ এবং সাইফুল ইসলাম মানিক (২০) নামে একজনকে পিটিয়ে আহত করা হয়।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৯টায় সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে আফজাল রোডের মুখে চন্দ্রগঞ্জ ইউনিয়নে বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আব্দুর রহিম শেখপুর গ্রামের শামছুল হকের ছেলে ও পেশায় গাছ ব্যবসায়ী। আহত মানিক সদর উপজেলার চরশাহী ইউনিয়নের পূর্ব জাফরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রাম ও শেখপুর গ্রামের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সোমবার (২৩ মার্চ) মারামারি হয়। এর জের ধরেই মঙ্গলবার উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দেওপাড়া গ্রামের রাকিব পাটওয়ারী এবং শেখপুর গ্রামের মিতুল নেতৃত্ব দিয়েছেন। রাকিবের লোকজন অস্ত্রধারী ছিল। রাকিব হত্যা ও অস্ত্র মামলার আসামি বলে জানা যায়।
ঘটনার সময় আব্দুর রহিম নামে এক পথচারীর বাঁ পায়ে গুলি লাগে এবং মানিককে চেইন দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সালাম সৌরভ বলেন, ‘আব্দুর রহিমের বাঁ পায়ে গুলির আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মানিককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে দুই পক্ষ পালিয়েছে। খোঁজখবর নেওয়া হচ্ছে।’