ভয়াবহ আগুনে পুড়লো ১৫ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম বাজারে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, গভীর রাতে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাজারের পাহারাদার আগুন দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, তবে ততক্ষণে আগুন ভয়াবহ রূপ নেয়।

খবর পেয়ে সাটুরিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পর্যাপ্ত পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুনে কাপড়, ওষুধ, কসমেটিকস, মুদি মাল, স্বর্ণের দোকান, চায়ের দোকান ও ইলেকট্রনিক্সসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুন লাগার পর এত দ্রুত ছড়িয়ে পড়ে যে দোকানে থাকা নগদ টাকা ও মালামাল বের করার কোনো সুযোগই পাননি তারা।

ফায়ার সার্ভিসের টিম লিডার সহিদুর রহমান বলেন, ‘রাত ১টা ২০ মিনিটে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। আগুন তখন বেশ ছড়িয়ে পড়েছিল। পানির উৎস সংকট থাকায় নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগে।’

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণ এবং সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

স্থানীয়দের মতে, আগুনের প্রকৃত ক্ষয়ক্ষতি প্রাথমিক ধারণার চেয়েও বেশি হতে পারে।