মুন্সীগঞ্জের ডাকাতি মামলার আসামি বাগেরহাটে গ্রেফতার

মুন্সীগঞ্জের ৩৭.৭৫ ভরি স্বর্ণালঙ্কার ডাকাতি মামলার আসামিকে বাগেরহাট থেকে গ্রেফতার করেছে ‌র‍্যাব-৬ স্পেশাল কোম্পানি। সোমবার  র‌্যাব ৬-এর মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল গোপন সংবাদে রবিবার বেলা ২টার দিকে বাগেরহাটের মোড়েলগঞ্জ থানাধীন আল্লাউদ্দিনের চায়ের দোকানে অভিযান চালায়। এ সময় ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত আসামি কিবরিয়া শিকদারকে (৩৬) গ্রেফতার করা হয়।

এজাহার বিশ্লেষণে জানা যায়, গত বছরের ২৪ সেপ্টেম্বর রাতে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানাধীন বালুরচর এলাকার শিপন সরকারের (৩৫) বাড়িতে ডাকাতি হয়। ওইদিন দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে ১০-১২ জন ডাকাত বাড়ির সীমানা প্রাচীর টপকে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তারা শিপন ও তার বড় ভাই শাকিল সরকারের পরিবারের লোকজনদের ভয়ভীতি দেখিয়ে হাত-পা বেঁধে মারধর করে। এক পর্যায়ে ঘরের আলমারির মধ্যে রাখা ৩৭.৭৫ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার, নগদ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা, দুটি মোবাইল সেটসহ মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শিপন বাদী হয়ে সিরাজদিখান থানায় এজাহার দায়ের করেন।

গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজদিখান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।