ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর বজ্রঘাতে আব্দুর রহমান (২৬) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীমোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া আব্দুর রহমান লক্ষ্মীমোড়া গ্রামের হেবজু মিয়ার ছেলে।
ঘটনা সম্পর্কে আব্দুর রহমানের প্রতিবেশী জাকির মিয়া জানান, প্রতিদিনের মতো কাজ শেষে বিজয়নগর উপজেলার চম্পকনগর বাজার থেকে নিজ গ্রাম লক্ষ্মীমোড়ায় ফিরছিলেন তিনি। পথে জলফো মেম্বারের বাড়ির পুকুর পাড়ে আসলে আকস্মিক বজ্রাঘাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুর রহমান। এ সময় পুরো এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আব্দুর রহমান সম্প্রতি প্রবাস থেকে ফিরেছেন।
স্থানীয় বাসিন্দা জাকির আরও জানান, সন্ধ্যার পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। আকাশে বিজলি চমকাচ্ছিল। হঠাৎ করে বজ্রাঘাতের ঘটনা ঘটে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব সরকার জানান, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে নিহতের সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। এ ব্যাপারে বিজয়নগর থানায় একটি অপমৃত্যু মামলা দয়ের করা হবে।