আন্দোলন-ছুটির পর গাজীপুরে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকেরা, এখনও বন্ধ ৩৫ কারখানা

গাজীপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৬ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৬

মজুরি বৃদ্ধির দাবিতে টানা আন্দোলনের পর গাজীপুরের শিল্পাঞ্চলে অধিকাংশ পোশাক কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকেরা। শুক্রবারসহ টানা তিন দিনের ছুটি শেষে শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে তারা স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ কর্মস্থলে যোগ দেন। তবে রাজেন্দ্রপুর এলাকায় টেক্সটাইল শ্রমিকদের বিক্ষোভের কারণে নতুন করে কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

শ্রমিক আন্দোলনের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি, কারখানার মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত মজুরি বোর্ড সর্বনিম্ন ১৭ হাজার টাকা বেতন নির্ধারণ করে নতুন মজুরি কাঠামো ঘোষণা করে। এরপর অধিকাংশ কারখানা কর্তৃপক্ষ শুক্রবারসহ টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছিল।

শনিবার সকালে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের সুশৃঙ্খলভাবে কারখানায় প্রবেশ করতে দেখা যায়। এ সময় কয়েকজন শ্রমিককে নতুন মজুরি কাঠামো নিয়ে ইতিবাচক আলোচনা করতে শোনা যায়। নারী শ্রমিকদের কয়েকজন জানান, তাদের জন্য সুন্দর ও কার্যকর একটি বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে।

কাজে যোগ দেওয়া শ্রমিকেরা বলেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন মজুরি কাঠামো ঘোষণা করেছে। তাদের বিবেচনায় এটি গ্রহণযোগ্য। তাই নতুন করে আন্দোলনে না গিয়ে কাজে যোগ দিয়ে উৎপাদন স্বাভাবিক রাখতে মালিকপক্ষকে সহযোগিতা করা উচিত। টানা আন্দোলনের কারণে কারখানাগুলোর উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে শ্রমিকদের কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানান তারা। তবে আন্দোলনের সময় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা এখনও খোলার নোটিশ দেয়নি কর্তৃপক্ষ।

রাজেন্দ্রপুরে টেক্সটাইল শ্রমিকদের বিক্ষোভ

এদিকে গাজীপুর মহানগরীর রাজেন্দ্রপুরের বাংলাবাজার এলাকায় নোমান শিল্প গ্রুপের নোমান টেরি টাওয়াল মিলস লিমিটেড কারখানাটি গত শুক্রবার (২৭ নভেম্বর) থেকে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

শনিবার সকালে কারখানাটির প্রায় ৪০০ থেকে ৫০০ শ্রমিক সেখানে উপস্থিত হয়ে কারখানা খুলে দেওয়ার দাবি জানান। একপর্যায়ে তারা পাশের স্টারলিং গ্রুপের লায়লা স্টাইলস কারখানার ফটকে ধাক্কাধাক্কি করেন। পরিস্থিতি বিবেচনায় সকাল ৯টার দিকে কর্তৃপক্ষ ওই দিনের জন্য কারখানাটিতে ছুটি ঘোষণা করে।

পরে শ্রমিকদের বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে আশপাশের জিএম ফেব্রিক্স, ইপিলিয়ন, আম্বার টেক্সটাইল ও হাবিতুস গার্মেন্টস কর্তৃপক্ষও কারখানা বন্ধ ঘোষণা করে। একপর্যায়ে বিক্ষোভকারী শ্রমিকেরা আম্বার টেক্সটাইলের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন।

নোমান টেরি টাওয়াল মিলস লিমিটেডের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) সাইফুল ইসলাম বলেন, তাদের কারখানায় প্রায় ১০ হাজার শ্রমিক কাজ করেন। গত বুধবার (২৫ নভেম্বর) শ্রমিকেরা সকালে কারখানায় প্রবেশ করলেও কাজ না করে বের হয়ে যান। পরদিন তারা আবার কারখানায় এসে বিভিন্ন দাবি তুলে ধরেন।

সাইফুল ইসলাম বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেওয়া হয়েছিল। পাশাপাশি শ্রমিক প্রতিনিধিদের (পিসি সদস্য) সহায়তায় তাদের বুঝিয়ে কাজে ফেরানোর চেষ্টা করা হয়। কিন্তু শ্রমিকেরা কাজে যোগ দিতে রাজি হননি। উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

তিনি আরও বলেন, শনিবার সকালে ৪০০ থেকে ৫০০ শ্রমিক কারখানার সামনে এসে সেটি খুলে দেওয়ার দাবি জানান। শ্রমিক প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হলেও তারা তাতে রাজি হননি।

শিল্পাঞ্চলে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শনিবার সকাল থেকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ী, সফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা, ভবানীপুর, হোতাপাড়া, মেম্বারবাড়ী, শিরিরচালা, বাঘের বাজার এবং শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী, আসপাডা, আনসার রোড ও বেড়াইদেরচালা এলাকায় পোশাকশ্রমিকদের সুশৃঙ্খলভাবে কাজে যোগ দিতে দেখা গেছে।

তিনি বলেন, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা ছাড়া বাকি কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।

শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের পাশাপাশি ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৭ প্লাটুন বিজিবি, এসআরবি এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলে জানান তিনি।

/আরএইচ/
সম্পর্কিত
জুলাই সনদ বাস্তবায়ন না করায় রাজনৈতিক সংকট বেড়েছে: ১১ দলীয় ঐক্য
যুক্তরাষ্ট্রের শুল্কঝুঁকির চাপে পোশাক খাত, অর্ডার হারানোর শঙ্কা 
বেতন ১৭ হাজার টাকা করায় সরকারকে অভিনন্দন জানিয়ে শ্রমিকদের মিছিল
সর্বশেষ খবর
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
১৫ বছর পর শাহরুখের সঙ্গে বোল্ড অবতারে কারিনা
১৫ বছর পর শাহরুখের সঙ্গে বোল্ড অবতারে কারিনা
একটা মারলে দুইটারে মারবো, দরকার হলে জামায়াত ছেড়ে দেবো: আমির হামজা
একটা মারলে দুইটারে মারবো, দরকার হলে জামায়াত ছেড়ে দেবো: আমির হামজা
রিয়াদের দিকে ছোড়া হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের
রিয়াদের দিকে ছোড়া হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ