খাগড়াছড়ির পানছড়ির বৌদ্ধমনি পাড়া কাঠালতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১০ এপ্রিল) বিকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধীন বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মো. শাহ আলমের নেতৃত্বে বিজিবির একটি টহলদল বৌদ্ধমনিপাড়া এলাকার কাঠালতলী যাত্রী ছাউনি এলাকায় অবস্থান নেয়। বিকালের দিকে সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে চার জন ব্যক্তিকে আসতে দেখে বিজিবি টহলদল তাদের গতিরোধ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধার সামগ্রী বিওপিতে আনার পথে আনুমানিক ১০০-১১০ জন বিজিবি টহলদলকে ঘেরাওয়ের চেষ্টা করে। খবর পেয়ে পানছড়ি ব্যাটালিয়ন সদর থেকে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস এম ইমরুল কায়েসের নেতৃত্বে আরও দুটি টহলদল রওনা হয়। অতিরক্ত বিজিবি সদস্য আসার খবর পেয়ে সন্ত্রাসী গ্রুপের সদস্যরা সরে যায়।
পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধিনায়ক জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।