বগুড়ার সোনাতলার পাকুল্লা ইউনিয়নের পূর্ব সুজাইতপুর গ্রামে সম্প্রতি নির্মিত হয়েছে। তবে দুপাশের সংযোগ সড়কে মাটি ভরাট না করায় সেতুটি কোনও কাজে আসছে না। এতে ওই সড়কে চলাচলকারী জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভুক্তভোগীরা আসন্ন বর্ষার আগেই মাটি ভরাটের দাবি জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের মাঝিপাড়া (পূর্ব সুজাইতপুর) গ্রামে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় একটি সেতু নির্মাণ করে। কিছুদিন আগে এর নির্মাণকাজ শেষ হয়েছে, কিন্তু সংযোগ সড়কে মাটি ভরাট করা হয়নি। ফলে ওই পথ দিয়ে চরাঞ্চলের লোকজনের যাতায়াতের পাশাপাশি কৃষক তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে পারছেন না।
স্থানীয়রা জানান, ওই পথ ও সেতু দিয়ে আশপাশের কমপক্ষে ১৪ গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ যাতায়াত করে থাকেন। এ ছাড়াও প্রতিনিয়ত বিপুলসংখ্যক শিক্ষার্থী স্কুলে-কলেজে যাতায়াত করে। কৃষক তাদের উৎপাদিত ফসল হাটে-বাজারে নিয়ে যান ওই পথ দিয়ে। সেতুর দুপাশের সড়কে মাটি ভরাট না করায় জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ প্রসঙ্গে সোনাতলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম বলেন, ‘সেতুটির নির্মাণকাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। এ ছাড়া সেতুর চার পাশে ধানক্ষেত থাকায় সংযোগ সড়কের জন্য মাটি পাওয়া যাচ্ছে না। তবে জনদুর্ভোগ লাঘবে দ্রুত মাটি ভরাটের জন্য ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে।’