রাঙামাটির কাপ্তাই হ্রদের জলে ভাসলো বিজুর ফুল। বাংলা বর্ষবিদায়কে কেন্দ্র করে পাহাড়ে ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠী নানা আনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করে থাকে। বিভিন্ন সম্প্রদায় বিভিন্নভাবে দিনটি উদযাপন করে থাকে। তবে পাহাড়ে এটি ‘ফুল বিজু’ নামে বেশি পরিচিত।
রবিবার শহরের রাজবাড়ি, গর্জনতলী, কেরানীপাহাড়সহ পাড়ায় পাড়ায় ঘাটে ঘাটে বর্ষবিদায়ের অনুষ্ঠান উদযাপনকে কেন্দ্র করে হ্রদে ফুল ভাসানো হয়।
সূর্য ওঠার সঙ্গে সঙ্গে নানা বয়সী পাহাড়িরা ফুল নিয়ে আসতে শুরু করেন বিভিন্ন ঘাটে। ২৯ চৈত্রের খুব ভোরে ‘মা গঙ্গা’র উদ্দেশে কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে রাঙামাটিতে শুরু হয় মূল আয়োজন। উৎসবে নারীরা বাহারি রঙের পিনোন হাদি পরেন আর ছেলেরা ধুতি, পাঞ্জাবি বা ফতুয়া পরে কাপ্তাই হ্রদের পানিতে ফুল ভাসানোর উৎসবে মেতে ওঠেন।