দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ২ জন নিহত

কুষ্টিয়ায় ট্রাকে পিকআপভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পিকআপের চালকসহ কমপক্ষে তিন জন। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন– নড়াইল সদর উপজেলার বাঙ্গালীপাড়া এলাকার আব্দুল হকের ছেলে সিফায়েত হোসেন (৩৫) এবং সাধুখালী এলাকার বিমলের ছেলে বিকাশ (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী ঘোড়া বহনকারী একটি পিকআপ (যশোর-ন-১১-১১৮২) ইবি থানার ১১ মাইল মহিশাডাঙ্গা এলাকায় মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের আরোহী লিফায়েত হোসেন ঘটনাস্থলে নিহত হন। তিনটি ঘোড়ারও মৃত্যু হয়। পিকআপের অপর আরোহী বিকাশকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পিকআপের চালক নাজমুল (৩৭), আরোহী তামিম (১৫) ও জিয়া (৪৫) আহত হন। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটি চৌড়হাস হাইওয়ে থানার হেফাজতে আছে।