স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, ‘কেবলমাত্র টিকাদানের মাধ্যমেই হামকে প্রতিরোধ করা সম্ভব। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে ভুল নীতি গ্রহণের কারণে এই টিকাদান ব্যাহত হয়েছিল। ২০২০-এর পর ২০২৫-এ আরেকটি জরুরি টিকা দেওয়া উচিত ছিল, যেটি সে সময় হয়নি।’
সোমবার (২০ এপ্রিল) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘হাম-রুবেলার টিকাদান কর্মসূচি ২০২৬’ উদ্বোধন শেষে তিনি এসব বলেন।
স্বাস্থ খাতে বিগত সরকার অনিয়ম করেছে উল্লেখ করে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘গত ১৫ বছরে স্বাস্থ্য ব্যবস্থায় যে অব্যবস্থা তৈরি হয়েছিল, সে কারণে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছিল। ফলে দেখা গেল, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরাও কাজ করার সুযোগ পাননি এবং অনেকেরই বেতন-ভাতা নিয়েও সমস্যা হয়েছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরই ১৫ দিনের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। আমরা সঙ্গে সঙ্গে এটির চিকিৎসা ও প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করি। এরই ধারাবাহিকতায় প্রথমে উচ্চ ঝুঁকিপূর্ণ এবং দ্বিতীয় ধাপে পাঁচটি মহানগরীতে টিকাদান শেষে আজ থেকে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হলো। এই কর্মসূচিতে এক কোটি ৭৮ লাখ শিশুকে টিকাদান করা হবে।’
টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন– সিরাজগঞ্জের সিভিল সার্জন ড. নুরুল আমিন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মাসুদ রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।