গাজীপুরে প্রাইভেটকারের চাপায় পোশাক শ্রমিক নিহত, আহত ৩

গাজীপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক পোশাক শ্রমিক প্রাইভেটকারের চাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের ধাক্কায় একটি যাত্রীবাহী অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেলে চালকসহ তিন যাত্রী আহত হন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি পোশাক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কুদ্দুস রাজেন্দ্রপুর এলাকার এন এ জেট পোশাক কারখানায় সহকারী কাটিংম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভবানীপুর এলাকায় সড়কের পশ্চিম পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন কুদ্দুস। এসময় মাওনা চৌরাস্তাগামী দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে প্রাইভেটকারটি একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দিলে চালকসহ তিনজন আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, স্থানীয়রা প্রাইভেটকারটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।