সিলেটে বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু

সিলেট বিভাগে হামের সংক্রমণ দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিলেটের হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হাম সন্দেহে ও হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে।

রবিবার স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

মারা যাওয়া দুই শিশু হলো– হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মিজানুর রহমানের ৯ মাস বয়সী ছেলে আকরামুল এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া গ্রামের ইমরান মিয়ার ৮ মাস বয়সী ছেলে সাইফান।

আকরামুল সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সাইফান সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে কোনও ‘ল্যাব কনফার্ম’ কেস পাওয়া না গেলেও ১২২ জন নতুন সন্দেহভাজন হাম রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৬৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১১৮ জন ভর্তি আছেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।