নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় আমির হোসেন (২৫) নামে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো দুই জনে।
শনিবার সকাল ১০টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আমির হোসেনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, তার শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ ছিল। গুরুতর অবস্থায় তিনি কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় শংকর (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালে আরও চারজন দগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
বুধবার (১৩ মে) দুপুরে সোনারগাঁ উপজেলার জেরা মেঘনা ঘাট পাওয়ার লিমিটেডের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ছয়জন বাড়ি ফিরে যান। বাকি ছয়জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে দুইজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন, বাকিদের এখনো চিকিৎসা চলছে।