চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন থেকে কর্মকর্তার মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নরেন ধর (৩৮) নামে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‌নরেন ধর ভারতীয় সহকারী হাইকমিশনের প্রটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ভারতীয় নাগরিক।

ওসি বলেন, ‌খবর পেয়ে কমিশনের কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ উদ্ধার করে পুলিশ। ওই কর্মকর্তা অফিসের দোতলায় একটি কক্ষে থাকতেন। সেই কক্ষের ভেতর ফ্লোরে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করেছি। সেটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, ‘মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। শরীরে আঘাত বা জখমের কোনও চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা সম্ভব হবে।’