খুলনা মেডিক্যালের স্টোররুমে আগুন

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের চতুর্থতলা ভবনের তিনতলার স্টোররুমে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার সকালে লাগা এ আগুন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ৪৫ মিনিট পর নিয়ন্ত্রণে আনে। এ সময়ে ধোয়ায় পাশের কক্ষে আটকে থাকা পাঁচ জনকে ল্যাডার দিয়ে উদ্ধার করা হয়।

আগুনের খবরে হাসপাতালে থাকা বেশ কিছু রোগী ও স্বজনরা দ্রুতার সাথে বাইরে বেরিয়ে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার ভারপ্রাপ্ত ডিডি মাসুদ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকাল ৬টার দিকে খুমেক হাসপাতালের চারতলা ভবনের তৃতীয় তলার স্টোর রুমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। আরও ১০ মিনিট কাজ করে আগুন পুরোপুরি নেভানো হয়। এ সময়ে পাশের রুমে আগুনের ধোয়ায় আটকে থাকা পাঁচ জনকে ল্যাডার দিয়ে বাইরে আনা হয়। তিনি বলেন, এ অগ্নিকাণ্ডের ক্ষতি নিরূপণে তদন্ত প্রয়োজন।

হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থানরত রোগীর স্বজনরা জানান, ভোর ৬টার দিকে হঠাৎ চারটি বিকট শব্দ হয়। এরপরই তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটে। বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে।