সদ্যঘোষিত ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এ কে এম সুজা উদ্দিন (৩৬) মারা গেছেন। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ কে এম সুজা উদ্দিন ফুলপুর উপজেলার আমুয়াকান্দা গ্রামের বাসিন্দা এবং এ কে এম ফজলুল হকের ছেলে।
তার মৃত্যুতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম শোক প্রকাশ করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে শোক জানিয়েছেন তিনি।
দলীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন সুজা। পরে পরিবারের সদস্য ও সহকর্মীরা দ্রুত তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বলেন, ‘সুজা ছিলেন একজন সংগ্রামী ও দায়িত্বশীল সংগঠক। রাজনৈতিক প্রতিকূলতা মোকাবিলা করেও তিনি সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন। তার চলে যাওয়া ছাত্রদলের জন্য এক অপূরণীয় ক্ষতি।’