চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় মামলা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চার বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা করা হয়েছে। শুক্রবার দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় মো. মনির হোসেন নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ। তিনি জানান, বাকলিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে আজ শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামি পুলিশের হেফাজতে আছে।

জানা গেছে, অভিযুক্ত মনির হোসেন বাকলিয়া চেয়ারম্যানঘাটা এলাকার একটি ডেকোরেশন দোকানের কর্মচারী।

বৃহস্পতিবার বিকালে নগরীর বাকলিয়া থানাধীন চেয়ারম্যানঘাটা এলাকায় বাসিন্দা চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ওই এলাকায় ধর্ষকের অবস্থান শনাক্ত করে বিকাল থেকে স্থানীয় লোকজন একটি ভবন ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন পুলিশকে দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখে। পরে বিদ্যুৎ চলে গেলে অভিযুক্তকে পুলিশের পোশাক পরিয়ে কৌশলে থানায় নিয়ে যায়।

অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ লোকজন পুলিশের একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ জনতার ব্যাপক সংঘর্ষ ঘটে। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে পুলিশ, সাংবাদিক ও বিক্ষুব্ধ লোকজনসহ কমপক্ষে ৩০ থেকে ৪০ জন আহত হয়েছেন।

আরও খবর: শিশু ধর্ষণ: মধ্যরাতে থামলো চট্টগ্রামের উত্তাপ, পরিস্থিতি থমথমে