চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে খুলনা বিভাগের ১০ জেলায় খুনের শীর্ষে রয়েছে যশোর জেলা। কিন্তু দেশব্যাপী আলোচনায় রয়েছে চতুর্থ স্থানে থাকা খুলনা জেলা নিয়ে। পাশের বাগেরহাট জেলা খুনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। তবু সেখানে শোরগোল ও উদ্বেগ নেই বলছে পুলিশ। তারা বলছে, সবার উদ্বেগ ও ক্ষোভ শুধু খুলনা নিয়ে। অথচ বিভাগের জেলা হিসেবে খুলনা চতুর্থ স্থানে আছে।
শনিবার (১৪ নভেম্বর) খুলনা রেঞ্জের ডিআইজি অফিস থেকে দেওয়া তালিকায় খুনের এ তথ্য দেখা যায়। এতে দেখা গেছে, চলতি বছরের প্রথম ১০ মাসে খুলনা বিভাগের ১০ জেলায় ২৮৮টি খুন হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ৬১টি খুন হয় যশোর জেলায়। বাগেরহাট জেলাও ৪০টি খুন হয়। ৩৯টি খুন হয় কুষ্টিয়া জেলায়। খুলনা জেলায় খুন হয় ৩৬টি।
অবশ্য এই পরিসংখ্যানে নেই খুলনা মেট্রোপলিটন পুলিশের আটটি থানা এলাকায় ১০ মাসে ৩৬ খুনের ঘটনা। কারণ কেএমপি রেঞ্জ পুলিশের আওতাভুক্ত নয় বলে জানিয়েছে খুলনা জেলা পুলিশ। এ ছাড়া ঝিনাইদহ জেলায় ২৯টি, নড়াইল জেলায় ২২টি, সাতক্ষীরা জেলায় ২১টি, চুয়াডাঙ্গা জেলায় ১৭টি, মাগুরা জেলায় ১৫টি, মেহেরপুর জেলায় আটটি খুন হয়।
একই সময়ে ৯৭৮ নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ২১৫ জনই শিশু। আর ৩০২ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে শিশু ৯৩ জন। এ সময় ঘটনায় মামলা হয়েছে। অনেকে গ্রেফতার হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
একই সময়ে ১২৫টি আগ্নেয়াস্ত্র ও ২২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে বিদেশি পিস্তল ২৭টি, দেশি পিস্তল পাঁচটি, দেশি বিভলবার পাঁচটি, বিদেশি রিভলবার চারটি, ওয়ানশুটার গান ৪৩টি, পাইপগান ১৪টি, এয়ারগান পাঁচটি, ডাবল ব্যারেল বন্দুক একটি, বন্দুক ২০টি ও অন্যান্য একটি।
পুলিশ বলছে, বাগেরহাটে লোকজন টাকা নিয়ে বাইরে বের হলেই ছিনতাইকারীর কবলে পড়ে। গত দুই মাসে বাগেরহাটে আলোচিত কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আর খুলনার মানুষ চাঁদাবাজদের দাপটে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছেন। আবার এলাকা ছেড়ে চলে যাচ্ছেন।
এ বছর এখন পর্যন্ত ১১ জন চিকিৎসক চাঁদাবাজদের ভয়ে দেশের বাইরে চলে গেছেন। তাদের কাছে ১ কোটি, ২ কোটি টাকা পর্যন্ত চাঁদা দাবির পর তারা বিদেশে পাড়ি জমান। খুলনায় বিভিন্ন থানার সীমান্ত এলাকায় গুলি করে হত্যা করা হচ্ছে। এক থানা এলাকায় গুলি করে সীমানা পার হয়ে আরেক থানা এলাকায় অনায়াসেই ঢুকে পড়ে খুনিরা।
আর বাগেরহাটের বিভিন্ন থানার সীমান্তের নির্জন এলাকায় নারী ও পুরুষের বস্তাবন্দি লাশ পড়ে থাকে। সর্বশেষ ১৩ নভেম্বর রামপালে এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার হয়। খুলনার খুন ও চাঁদাবাজি নিয়ে আলোচনায় ঢাকা পড়ে যাচ্ছে বিভাগের নারী ও শিশু নির্যাতনসহ ধর্ষণের ঘটনাগুলো।
খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ফোকালপারসন) আসিফ ইকবাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিভাগে খুনের তালিকায় শীর্ষে রয়েছে যশোর। তারপরও খুলনা নিয়ে আলোচনা-সমালোচনা। রেঞ্জ পুলিশের নিয়মিত সভা হচ্ছে। সেখানে তদন্ত কর্মকর্তাদের মামলার শতভাগ মান বজায় রেখে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা দেওয়া হয়। তদন্ত শতভাগ মানসম্মত হলে আসামিরা আদালতে গিয়ে সঙ্গে সঙ্গে জামিন পাবে না। কিন্তু কিছু ক্ষেত্রে আসামিরা দ্রুত জামিন পেয়ে যাচ্ছে। পরে তারা আবার বেরিয়ে আরও বেপরোয়া হয়ে উঠছে। সন্ত্রাসীদের গ্রেফতারে আমাদের অভিযান চলছে।’