স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে সাগরিকা আক্তার বুলবুলি নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শিমুল মিয়ার বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী। পুলিশ জানায়, শনিবার গভীর রাতে সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে এ ঘটনার পর ভোরে হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়।

নিহত সাগরিকা সদর উপজেলার করিমপুর গ্রামের ইন্তাজ আলী বিশ্বাসের মেয়ে। অভিযুক্ত শিমুল একই উপজেলার গোয়ালপাড়া গ্রামের রহিম মিয়ার ছেলে।

নিহতের বাবা ইন্তাজ আলী বিশ্বাস অভিযোগ করেন, বেশ কয়েকদিন ধরে শিমুল তার স্ত্রী বুলবুলিকে মানসিক ও শারীরিক অত্যাচার করে আসছিলেন। বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপও দিচ্ছিলেন। এর আগের মারধর করার কারণে বুলবুলি বাবার বাড়িতে চলে যায়। তিন দিন আগে শিমুল তাকে নিয়ে বাড়িতে আসে। শনিবার গভীর রাতে বুলবুলিকে কুপিয়ে গুরুতর আহত করে শিমুল। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোররাতে মারা যান বুলবুলি।

এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্বামী শিমুল। তাকে গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আসামি গ্রেফতারে অভিযান চলছে।’