নরসিংদীর একটি পুকুর থেকে ফাহিম মিয়া (১৭) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুরে সদর উপজেলার মধ্য-শিলমান্দী এলাকার জোড়া ঈদগাহ মাঠের পাশের একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফাহিম মধ্য-শিলমান্দী এলাকার বাসচালক রুহুল আমিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন ফাহিম। পরে রাত ৮টার দিকে তার বাবার সঙ্গে সর্বশেষ কথা হলে ফাহিম জানিয়েছিলেন কিছু লোক তার পিছু নিয়েছে। পরে তার বাবা প্রতিবেশীদের নিয়ে ফাহিমকে খুুঁজতে বের হন। সারারাত খুঁজেও সন্ধান মেলেনি ফাহিমের। মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে, ঘটনাস্থলের পাশেই ফাহিমের ইজিবাইকটি পাওয়া যায়। তবে ইজিবাইকে থাকা চারটি ব্যাটারি নিয়ে গেছে দুর্বৃত্তরা।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, সকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির মাথার অংশ পানিতে আর পায়ের অংশ পাড়ে ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহটির গলার পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ইজিবাইকটি পাওয়া গেলেও ইজিবাইকে থাকা ব্যাটারি পাওয়া যায়নি। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।