মেহেরপুরে ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের ওলিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা মাঠপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ইজিবাইকচালক আরিফুল ইসলাম (৩২) এবং একই গ্রামের মাহিমের মেয়ে আফরিন (৪); মাহিমের ভাগনে ও যশোরের ঝিকরগাছার সজীব আলীর ছেলে আকবর আলী (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম ইজিবাইকে যাত্রী নিয়ে শালিকা থেকে বামন্দীর দিকে যাচ্ছিলেন। পথে ওলিনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি ভেঙে-চুরে যায় এবং কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওমর ফারুক ইজিবাইকচালক আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আফরিন ও আকবার আলী।
গাংনী থানার ওসি জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক, ইজিবাইক এবং নিহত আরিফুল ইসলামের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।