এলএনজি সরবরাহ কমায় চট্টগ্রামে গ্যাসের স্বল্পচাপ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালগুলো থেকে সরবরাহ প্রায় ৩০০ এমএমসিএফডি কমে গেছে। এ কারণে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিয়েছে।
 
কেজিডিসিএলের জনসংযোগ ও সমন্বয় বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
 
কেজিডিসিএলের জনসংযোগ ও সমন্বয় ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক মো. বেলাল উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, 'দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালগুলো থেকে এলএনজি সরবরাহ প্রায় ৩০০ এমএমসিএফডি হ্রাস পেয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কর্ণফুলী গ্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।’
 
এ পরিস্থিতিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে পরিস্থিতির উন্নতি হলে স্বাভাবিক গ্যাস সরবরাহ পুনঃস্থাপনের বিষয়েও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
 
দেশে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রূপান্তর করে সরবরাহ করতে কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল আছে। সমুদ্রে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এলএনজি সরবরাহ কমে গেছে।