ময়মনসিংহে ভারী বৃষ্টিতে নগরীর অলিগলি রাস্তাঘাট ও হাটবাজার তলিয়ে গেছে। অনেক বাসাবাড়িতে ও পানি উঠে গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে একটানা বৃষ্টি শুরু হয়ে বুধবার (৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত অব্যাহত ছিল।
ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত আবহাওয়া অধিদফতরের ইনচার্জ আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে একটানা বৃষ্টি শুরু হয়ে চলে বুধবার সকাল ৯টা পর্যন্ত। একটানা সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি চলতি বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।’
এদিকে, ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছে নগরবাসী। বিশেষ করে শিক্ষার্থীরা সকালে স্কুল-কলেজ-মাদ্রাসায় যেতে পারেনি। মানুষ ঘর থেকে বের হতে না পেরে হাটবাজারেও যেতে পারেনি। এ কারণে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। রাস্তাঘাট, অলিগলি ছাপিয়ে বিভিন্ন বাসায় ঢুকেছে পানি। এতে ভোগান্তিতে পড়েন অনেকে।