চট্টগ্রামে পাহাড়ধসে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রাম নগরীতে পাহাড়ধসে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে নগরীর পাঁচলাইশ থানাধীন চশমা হিল এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুটির নাম সুমাইয়া আক্তার (১২)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘পাহাড়ধসে মাটি চাপা পড়ে এক শিশু মারা গেছে। দুর্ঘটনার সময় বাবা-মা বের হতে পারলেও শিশুটি বের হতে পারেনি। ফলে পাহাড়ের ধসেপড়া মাটি ঘরের উপর পড়লে সেটি ভেঙে মাটি চাপা পড়ে সে। পরে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ওই তাকে মৃত ঘোষণা করেন।’

এর আগে আজ সকালে জেলার সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় পাহাড়ধসে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির বাবা মাটিচাপা পড়ে আহত হন।

এদিকে, নগরীর চশমা হিলে পাহাড়ধসে নিহতের পরিবারের খোঁজ নিতে সেখানে যান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে শিশুটির বাবা-মাকে সান্ত্বনা দেন।

এ সময় ডা. শাহাদাত বলেন, ‘প্রতিটি প্রাণ অমূল্য। সাময়িক কষ্ট হলেও সবাইকে নিজেদের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। কোনও অবস্থাতেই পাহাড়ধসের ঝুঁকি নিয়ে বসবাস করা উচিত নয়।’