বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য তিন পার্বত্য জেলায় এক হাজার ৩০০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ করেছে সরকার।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব শফিকুর রহমান স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, খাগড়াছড়ির জন্য ৪০০ মেট্রিক টন, বান্দরবানের জন্য ৪০০ মেট্রিক টন এবং রাঙামাটির জন্য ৫০০ মেট্রিক টন খাদ্য শস্য বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিকে, তিন পার্বত্য জেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের তুলনায় এই বরাদ্দ খুবই কম বলে উল্লেখ করেছেন খাগড়াছড়ি জেলার সচেতন মহল। তা ছাড়া খাদ্যশস্যগুলো পার্বত্য জেলা পরিষদগুলোর মাধ্যমে বরাদ্দ দেওয়ায়, তা প্রকৃত ক্ষতিগ্রস্তদের মাঝে গিয়ে পৌঁছবে কিনা- তা নিয়েও প্রকাশ করেন তারা ।
তবে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালীকা ত্রিপুরা জানান, তারা সাধ্যমতো চেষ্টা করবেন প্রকৃত ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যশস্যগুলো প্রদান করার জন্য। তিনি এই বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। পার্বত্য মন্ত্রণালয়কে এই বরাদ্দের জন্য তিনি ধন্যবাদ জানান।